সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, 'সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর নাম ব্যবহার করে ফলাফল ঘোষণা ও নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতা-সংক্রান্ত একটি কথিত 'বিশেষ প্রটোকল' বা 'অফিস আদেশ' প্রচারিত হচ্ছে। নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে যে, এই নথিতে নির্বাচনের ফলাফল এবং বিভিন্ন বাহিনীর ভূমিকা নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, কথিত অফিস আদেশটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাসমূহের সরাসরি কোনো প্রশাসনিক সংশ্লিষ্টতা নেই।
নির্বাচন-সংক্রান্ত কোনো গুজব, অপপ্রচার কিংবা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো তথ্য থাকলে তা নির্বাচন কমিশনে স্থাপিত 'আইন-শৃঙ্খলা সমন্বয় সেল'-এ জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হলো। এই সেলটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সার্বক্ষণিক চালু থাকবে। আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে যোগাযোগের নম্বরসমূহ হচ্ছে ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।'