জেলায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’টি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’টি আসনে ৮ জনকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি ও মোটরযান চলাচল সংক্রান্ত নির্দেশনা অমান্য করার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে মোট ১২ হাজার টাকা আদায় করা হয়েছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু রাখতে ঝালকাঠির চার উপজেলায় ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সক্রিয় রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।